ফেনীতে যাবজ্জীবন সাজার আসামি ১০ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার
২০১৩ সালের ৪ এপ্রিল ফেনসিডিলসহ গ্রেপ্তারের ছয় মাস পর শহীদুল্লাহ্ জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান বলে জানায় র্যাব।
ফেনীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া এক আসামিকে ১০ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার মধ্যরাতে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম জানান।
গ্রেপ্তার মো. শহিদুল্লাহ্ (৫০) ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লা বাড়িয়া এলাকার আব্দুল বারেকের ছেলে।
মামলার বরাতে সাদেকুল জানান, ২০১৩ সালের ৪ এপ্রিল গিল্লা বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল ফেনসিডিলসহ শহীদুল্লাহকে গ্রেপ্তার করে বিজিবি। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র্যাব। ছয় মাস পর জামিনে বেরিয়ে তিনি আত্মগোপনে চলে যান।
সাক্ষ্যগ্রহণ শেষে শহীদুল্লাহকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক মাস কারাবাসে থাকতে হবে বলে জানান তিনি।
স্কোয়াড্রন লিডার সাদেকুল আরও বলেন, রায় ঘোষণার পর শহীদুল্লাহ্ নিজের নাম ও পরিচয় গোপন করে ১০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহীদুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান।
