২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিতে বাধা দিলে শাস্তি হবে: ইসি রাশেদা সুলতানা

তিনি বলেছেন, “কমিশন নতুন আইন করেছে। আইনে হুমকিদাতাকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার বিধান আছে।”

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 06:27 PM

Updated : 24 Dec 2023, 06:27 PM

ভোটারদের ভোট দিতে বাধা বা হুমকি-ধামকি দিলে দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি বলেছেন, “আগে ভোটারদের বাধা দেওয়া হলে কিংবা হুমকি দেওয়া হলে অন্যায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না। কমিশন নতুন আইন করেছে। আইনে হুমকিদাতাকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার বিধান আছে।” 

রোববার বিকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রিজাইডিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুসারী কর্মী-সমর্থকদের মধ্যে বিভিন্ন সংঘর্ষ ও আচরণবিধি ভঙ্গের বিষয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, “ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা সচেষ্ট। আমাদের কাছে অভিযোগ আসুক না আসুক নির্বাচনি অনুসন্ধানী কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সংসদীয় এলাকা ঘুরে ঘুরে ব্যবস্থা নিচ্ছেন এবং ভবিষ্যতেও ভোটের পরিবেশ ঠিক রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারে প্রস্তুতি চলছে। সেগুলো আপনারা স্তরে স্তরে দেখতে পারবেন।”

কোনো সংবাদকর্মীকে বাধা বা হুমকি-ধামকি দেওয়া হলেও দায়ী ব্যক্তিকে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে জানিয়ে এ নির্বাচন কমিশনার আরও বলেন, “সাংবাদিকরা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এরকম চিন্তা করেই নীতিমালা তৈরি হয়েছে।”

আরেক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, “সংঘাত-সংর্ঘষের ঘটনার পরেও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা সব সময় আশাবাদীর দলে আছি। কেননা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সাংঘাতিকভাবে তৎপর আছে।”

ইসি রাশেদা সুলতানার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। 

নওগাঁর ছয়টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী অঞ্চলের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক উপস্থিত ছিলেন।