এইচএসসির পুনঃপরীক্ষা: ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ‘আইনি ব্যবস্থা’
এক বিষয়ে পরীক্ষা দিলে একজন শিক্ষার্থীকে মোট ৬০০ টাকা জমা দিতে হবে।
এইচএসসি ও সমামান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের (সাপ্লিমেন্টারি) পরীক্ষার আবেদনে অতিরিক্ত ফি দাবি করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ।
শুক্রবার বোর্ড কমিটি জানায়, “বিভিন্ন মাধ্যম থেকে এই বছরের এইচএসসি ও সমামান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষার আবেদনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।”
“অতিরিক্ত ফি নেওয়া হলে অভিযুক্ত প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে।”
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫। তাদের পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হবে।
গত বৃহস্পতিবার থেকে পুনঃপরীক্ষার আবেদন শুরু হয়েছে; চলবে আগামী সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত। পরীক্ষার্থীরা আবেদন ফি ১০ নভেম্বর পর্যন্ত জমা দিতে পারবে।
পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের (নিয়মিত-অনিয়মিত) তত্ত্বীয় প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা দিতে হবে। ব্যবহারিক প্রতি বিষয়ের জন্য ফি দিতে হবে ২৫ টাকা। কেন্দ্র ফি হিসেবে দিতে হবে ৪৫০ টাকা। অর্থাৎ, এক বিষয়ে পরীক্ষা দিলে একজন শিক্ষার্থীকে মোট ৬০০ টাকা জমা দিতে হবে।
