ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব
“নির্বাচন পর্যবেক্ষণে আগের নির্বাচনগুলোর ধারাবাহিকতায় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে,” বলেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবারের উপনির্বাচনের পরিবেশ ভালো রয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তিনি বলেছেন, “নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ আমরা পাইনি এবং ইনশাল্লাহ পাব না।”
বুধবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সামনে কথা বলেন ইসি সচিব। এদিন দুপুরে ইসির সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল বৈঠক করে উপনির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ করেন।
বৈঠকের পর আখতার আহমেদ বলেন, “নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্রের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করা হবে।”
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচন পর্যবেক্ষণে আগের নির্বাচনগুলোর ধারাবাহিকতায় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ইসি সচিব জানিয়েছেন।
তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও একই ব্যবস্থা ছিল। পরবর্তী সময়ে শেরপুর ও বগুড়ার দুটি উপনির্বাচনেও এই ব্যবস্থা রাখা হয়েছিল। এর ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
“মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। বিজিবি, এসআরবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে মনিটরিং করা হবে। বডিওর্ন ক্যামেরার পাশাপাশি বিজিবি ও পুলিশের বডি ক্যামেরা এবং বিজিবির ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে।”
আখতার আহমেদ বলেন, “এই সার্ভিলেন্স রেখে আমরা এখান থেকে মিনিট বাই মিনিট মনিটরিং করব।”
নির্বাচন নিয়ে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন অভিযোগ নিয়ে ইসি সচিব বলেন, “…আমি একটু আগে বলেছি, প্রত্যেকটা খবরেরই কোনো না কোনো মূল্যায়ন আছে। আমরা আগামীকালকেই প্রমাণ পাব যে কোনটা ঠিক আর কোনটা ত্রুটিপূর্ণ ছিল। কাজেই কাল (বৃহস্পতিবার) পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে।”
