২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

টেকনাফে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

প্রজেক্টের টাকা লেনদেনকে কেন্দ্র করে অংশীদারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউলকে ছুরিকাঘাত করা হয় বলে পরিবারের অভিযোগ।

টেকনাফে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

নিহত রবিউল হাসান।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 06:34 PM

Updated : 11 Jun 2023, 06:34 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত এক যুবক মারা গেছেন।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান।

নিহত ২৫ বছর বয়সী রবিউল হাসান মৌলভীপাড়ার করিমের ছেলে।

এর আগে শনিবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ায় ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে বলে জানান ওই ইউনিয়নের ইউপি সদস্য এনামুল হক।

রবিউলের ভাই আবদুল্লাহ বলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে প্রজেক্টের টাকার লেনদেনকে কেন্দ্র করে একরাম মার্কেটের সামনে রবিউলের সঙ্গে তার এক অংশীদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

শনিবার সকালে চট্টগ্রামে নেওয়ার পথে রবিউল মারা যান বলে জানান আবদুল্লাহ।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

এ দিকে নিহতের ঘটনায় একটি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন ওসি আব্দুল হালিম।