খেলতে গিয়ে ডুবে যায় পুকুরে, হাসপাতালে ভাই-বোনকে মৃত ঘোষণা
ওই দুই শিশু সকালে উঠানে খেলা করার এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর প্রাণ গেছে; যারা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে স্থানীয়রা জানিয়েছে।
রোববার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের কাগমারা পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুল ইসলাম সরকার জানান ৷
মৃতরা হলো- ওই এলাকার মো. ওয়াহাব মিয়ার মেয়ে পাঁচ বছর বয়সী মেয়ে ওয়াছেনা আক্তার ও মো. জাহাঙ্গীর আলমের ছেলে চার বছরের ছেলে মো. ইহান মিয়া।
তাদের বাবারা সম্পর্কে খালাতো ভাই বলে স্থানীয়রা জানিয়েছে।
কাউন্সিলর সাইফুল বলেন, “ওই দুই শিশু সকালে উঠানে খেলা করছিলেন। এক পর্যায়ে তারা পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
পরে তাদের অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এ সময় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান সাইফুল।
