২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তনখোলা পাড়ের মাটি কাটায় দুই ইটভাটাকে জরিমানা

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ইটভাটার মালিককে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।

কীর্তনখোলা পাড়ের মাটি কাটায় দুই ইটভাটাকে জরিমানা

বরিশালের সদর উপজেলায় কীর্তনখোলা নদীর পাড়ে মাটি কাটার সময় একটি ভেকু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 08:32 PM

Updated : 01 Aug 2023, 08:32 PM

বরিশালের সদর উপজেলায় কীর্তনখোলা নদীর পাড়ের মাটি কেটে নেওয়ায় দুই ইটভাটা মালিককে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার চরকাউয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান।

তিনি বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ফুজি ব্রিকসের মালিক নুরু হোসেন সরদাকে ছয় লাখ টাকা এবং আরিফ ব্রিকসের মালিক মনির হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

“এ সময় একটি ভেকু জব্দ করে গ্রাম পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। মালিকের সন্ধান পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ইউএনও আর বলেন, বেশ কিছুদিন ধরে উপজেলার চরমোনাই, পশুরিকাঠী ও গিলাতলী এলাকায় কীর্তনখোলা পাড় থেকে ইটভাটার লোকজন মাটি কেটে নিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া যায়।

তিনি বলেন, বিষয়টি জানার পর ওই তিনটি স্থানে অভিযান চালানো হয়। এরপর সেখানে মাটি কাটা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের ইটভাটার মালিককে ঘটনাস্থলে এনে জরিমানা আদায় করা হয়।

একই সঙ্গে আর কখনো এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা রাখা হয় বলে জানান উপজেলার এই কর্মকর্তা।