২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মাকে হত্যায় যুবকের যাবজ্জীবন

২০২১ সালের ১৩ নভেম্বর জমিজমা নিয়ে বিরোধে মা জবেদা খাতুনকে ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন মুকুল।

চুয়াডাঙ্গায় মাকে হত্যায় যুবকের যাবজ্জীবন

আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 03:26 PM

Updated : 22 Nov 2023, 03:26 PM

চুয়াডাঙ্গার সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধে মাকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. বেলাল হোসেন।

দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন (২৮) এ সময় আদালতে উপস্থিত ছিলেন। মুকুল সদর উপজেলার পিরোজখালি গ্রামের মো. আসান আলীর ছেলে, তার মা জবেদা খাতুন (৫০)।

মামলার এজাহারের বরাতে আইনজীবী বেলাল জানান, জমিজমা নিয়ে বিরোধে ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নিজেদের বাড়িতে মা জবেদা খাতুনকে ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে মুকুল।

এ ঘটনায় জবেদার ভাই সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের মৃত জাকির আলীর ছেলে মো. আলাউদ্দিন ঘটনার দিনই মুকুলকে একমাত্র আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিপি আরও জানান, এ মামলায় তদন্ত শেষে এসআই হাসানুজ্জামান ২০২১ সালের ৩১ ডিসেম্বর আসামি মুকুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

এতে মুকুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক বুধবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি।