ফেনীতে বিএনপির অবস্থানে ‘ছাত্রলীগ-যুবলীগের হামলায় আহত ২০’
তবে হামলার কথা অস্বীকার করেছে উপজেলা ছাত্রলীগ।
ফেনীর দাগনভূঞায় কেন্দ্র ঘোষিত বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকালে বাজারের চৌমুহনী রোডে পেট্রোল পাম্পের সামনে এ হামলায় ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করেছেন উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন।
তার দাবি, হামলায় তিনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছে।
তবে হামলার কথা অস্বীকার করেছে উপজেলা ছাত্রলীগ।
আকবর হোসেন বলেন, শনিবার বিকালে জেলা বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন আলালের নেতৃত্বে অবস্থান কর্মসূচি চলছিল। এ সময় পাশের একটি স’মিল থেকে কাঠের লাঠিসোটা নিয়ে উপজেলা ছাত্রলীগ-যুবলীগের ২০/৩০ জন তাদের উপর হামলা চালায়।
“আমি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমন হক রাজিবসহ দলীয় অন্তত ২০ নেতা-কর্মীকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে হামলাকারীরা। এ সময় তারা কর্মসূচির ব্যানারও ছিঁড়ে ফেলে।”
ফের হামলার আশঙ্কায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে তিনিসহ অন্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান আকবর হোসেন।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “হামলা করে আন্দোলন-সংগ্রাম দমিয়ে রাখা যাবে না। কোনো অবস্থাতেই দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না।”
তবে হামলার কথা অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন বলেন, “বিএনপির লোকজন নাশকতার উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের বাধা দেয়।”
দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) হাসান ইমাম জানান, বিএনপির অবস্থান নেওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিতে যায়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
এদিকে ফেনী সদর, সোনাগাজীসহ জেলার ছয় উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
