১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেতানিয়াহুর কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’, স্মৃতিকথায় জো বাইডেন

গাজায় ফিলিস্তিনিদের মৃত্যু কমানোর কথা দিয়েও বারবার তা ভেঙেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন নিজের স্মৃতিকথায় নেতানিয়াহুর সমালোচনা করে এমন দাবি করেছেন।

‘নেতানিয়াহুর কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’, স্মৃতিকথায় জো বাইডেন

বেনিয়ামিন নেতানিয়াহু ও জো বাইডেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 10:33 PM

Updated : 15 Nov 2026, 10:33 PM

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা কমানোর প্রতিশ্রুতি বারবার দিয়েও তা ভঙ্গ করার অভিযোগ তুলেছেন।

বাইডেন বলেছেন, প্রতিশ্রতি দেওয়ার পরও বাস্তবে দেখা গেছে, ইসরায়েলের সামরিক অভিযানে আরও বেশি ফিলিস্তিনি নিহত হচ্ছে।

নেতানিয়াহু নিজের তাৎক্ষণিক রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদী পরিণতির কথা ভাবতে নারাজ ছিলেন, যা নিয়ে বাইডেন ক্রমেই হতাশ হয়ে পড়ছিলেন বলে জানিয়েছেন।

বাইডেনের ‘প্রমিজ মি, আমেরিকা’ শীর্ষক নতুন স্মৃতিগ্রন্থের কিছু অংশে নেতানিয়াহু প্রসঙ্গে তার এসব বক্তব্য উঠে এসেছে।

সেখানে বাইডেন বর্ণনা করেছেন যে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের মানবিক পরিণতি নিয়ে তিনি কীভাবে নেতানিয়াহুর কাছে বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বাইডেন দাবি করেন, গাজায় সাধারণ মানুষের ক্রমবর্ধমান প্রাণহানি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি এবং যুদ্ধে মার্কিন সমর্থনের যে ক্ষতি করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী তা স্বীকার করেছিলেন। কিন্তু তারপরও বাড়তি সতর্কতা অবলম্বনের বিষয়ে নেতানিয়াহুর আশ্বাসের পরও বাস্তবে মাঠ পর্যায়ে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন দেখা যায়নি।

বাইডেন বলেছেন, “যেসব কথা রাখার ক্ষমতা বা ইচ্ছা কোনোটিই নেতানিয়াহুর ছিল না, সেসব প্রতিশ্রুতি দিতে বিবি (নেতানিয়াহু) দ্বিধা করতেন না।”

গত শুক্রবার সিএনএন এবং অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত স্মৃতিকথার এই নির্বাচিত অংশগুলোতে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যকার টানাপোড়েনপূর্ণ সম্পর্কের চিত্র উঠে এসেছে। আগামী ১৭ নভেম্বর স্মৃতিগ্রন্থটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

বাইডেন বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার করা নিয়ে তার আশা ‘চূর্ণবিচূর্ণ’ হয়ে গিয়েছিল।

তিনি স্মৃতিচারণ করে জানান, হামলার দিনই তিনি নেতানিয়াহুকে বেশ কয়েকবার ফোন করেছিলেন, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা আবার না ঘটে সেজন্য ওয়াশিংটন কী কী পদক্ষেপ নিচ্ছে, তা তাকে জানাতে পারেন।

বাইডেন বলেছেন, “আমি চেয়েছিলাম তিনি (নেতানিয়াহু) জানুন যে, এমন দিন যেন আর কখনও ফিরে না আসে তা নিশ্চিত করতে আমি কতটা দৃঢ়প্রতিজ্ঞ।”

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, হামাসের চালানো হত্যাকাণ্ডের জবাব দিতে ইসরায়েলের যে দৃঢ় অবস্থান ছিল, তা তিনি বুঝতে পেরেছিলেন। তবে যুদ্ধের প্রায় শুরু থেকেই তিনি সংঘাতে আটকে পড়া সাধারণ মানুষদের রক্ষায় আরও বেশি সতর্কতা অবলম্বন করার জন্য ইসরায়েল সরকারকে চাপ দিতে শুরু করেছিলেন।

বাইডেনের মতে, ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলে ইসরায়েলের সুনাম নষ্ট হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের জন্যও রাজনৈতিক চাপ বাড়ছে—তা নেতানিয়াহু বুঝতে পেরেছিলেন বলেই মনে হয়েছিল। কিন্তু বাইডেন জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বারবার কথা দিলেও বাস্তবে তা রাখেননি।