গাজীপুরে গভীর রাতে নৌকার নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ
এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তাসহ সব দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন নৌকার প্রার্থী রুমানা আলী।
গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলীর নির্বাচনি ক্যাম্পের আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর (বেড়াবাড়ি) বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি শাহ্ জামান।
এ ঘটনায় বুধবার নৌকার প্রার্থী রুমানা আলী রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও থানায় লিখিত অভিযোগ করেছেন।
আগুনের খবর পেয়ে বুধবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আহসান বলেন, বেড়াবাড়ি এলাকার নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প থেকে নারায়ণপুরসহ আশপাশের এলাকায় প্রচার চালানো হতো। ক্যাম্পের পাশের দোকানে ঘুমিয়ে ছিলেন রুবেল নামের এক দোকানি।
রাত ৩টার দিকে রুবেল প্লাস্টিক পোড়ার গন্ধ পেয়ে দোকানের সাটার খুলে দেখেন নির্বাচনি ক্যাম্পে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। এতে বেশ কয়েকটি চেয়ার ও দুটি টেবিল পুড়ে গেছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি শাহ্ জামান।
ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়ে শ্রীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শামীমা ইয়াসমিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকেও তদন্ত করা হচ্ছে।
গাজীপুর-৩ (শ্রীপুর-সদর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
