কষ্ট করে হলেও ভোটকেন্দ্রে যেতে অনুরোধ মাশরাফির
“বিগত পাঁচ বছরে আমার যে কাজগুলো শুরু হয়েছিল কিন্তু সমাপ্ত হয়নি সে কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিবেন ।“
অসমাপ্ত কাজ শেষ করতে কষ্ট করে হলেও কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ করেছেন মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচার চালাতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে লোহাগড়া ও সদর উপজেলার এক অংশ নিয়ে গঠিত নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হন মাশরাফি।
প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকেই নির্বাচনি প্রচার শুরু করলেও মাশরাফি হাঁটুর ইনজুরির কারণে তা করতে পারেননি।
প্রতীক বরাদ্দের ছয়দিন পর রোববার বিকালে ঢাকা থেকে ফেরার পর বিভিন্ন স্থানে পথসভার মধ্য দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর থেকে দিন-রাত এক করে প্রচার চালাচ্ছেন মাশরাফি।
নির্বাচনি প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন মাশরাফি। এরপর মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় অংশ নেন তিনি।
পথসভায় মাশরাফি বলেন, “আপনারা কষ্ট করে হলেও কেন্দ্রে যাবেন। অবশ্যই আমি আপনাদের ভোট চাই। আপনাদের প্রত্যেকের ভোটটা খুবই জরুরি। আপনারা কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিবেন। আর আমার জন্য দোয়া করবেন।
“বিগত পাঁচ বছরে আমার যে কাজগুলো শুরু হয়েছিল কিন্তু সমাপ্ত হয়নি সে কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিবেন।
তিনি আরও বলেন, “পাঁচ বছরের মধ্যে করোনাভাইরাসের মহামারীর কারণে দুই বছর আপনাদের কোনো সেবা করতে পারিনি। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব থমকে গিয়েছিল। যেটা এখনো চলমান আছে।
“তারপরেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে অনেক প্রকল্প শেষ হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো শেষ করার সুযোগ আপনারা ভোটের মাধ্যমে দেবেন”, বলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজার (নৌকা) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার)।
জেলা নির্বাচন কমিশনের তথ্য মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে দুইটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন।
এর মধ্যে এক লাখ ৮১ হাজার ৯৯০ পুরুষ ও এক লাখ ৮৩ হাজার ৭৩৬ জন নারী ভোটার রয়েছেন।
