বগুড়ায় ব্লাড ব্যাংক ও ক্লিনিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, সিলগালা
এক রোগীর অভিভাবক বলেন, “আমরা তো ভালো শুনেই এখানে এসেছিলাম। কিন্তু হাসপাতালের যে অনুমোদন নাই, এটা আমরা কীভাবে জানব?”
অনিয়ম পাওয়ায় বগুড়ায় একটি ব্লাড ব্যাংক ও দুটি ক্লিনিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠান তিনটি সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় যৌথ অভিযানে যায় ভোক্তা অধিকার।
সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক সাজ্জাদ উল হক জানান, শহরের কানছগাড়ী এলাকার শতদল কমিউনিটি ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ, মা ফাতেমা ডায়াগনস্টিক ও ক্লিনিককে দুই লাখ টাকা এবং শহরের ঠনঠনিয়া এলাকার সেবা ব্লাড ব্যাংককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী প্রতিষ্ঠান তিনটি সিলগালা করার নির্দেশ দেন।
সাজ্জাদ উল হক জানান, প্রথমে ঠনঠনিয়া এলাকার সেবা ব্লাড ব্যাংকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে দেখা যায়, ২০২০ সালের পর তাদের কোনো কাগজ নবায়ন করা হয়নি। এ ছাড়া তারা কোনো রকম মেয়াদের তারিখ ছাড়া রক্ত সংরক্ষণ করেন। এমন ১০ ব্যাগ রক্ত সেখানে ছিল। এ জন্য তাদের প্রতিষ্ঠান সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির অংশীদার আব্দুল হামিদ এই টাকা পরিশোধ করেন।
পরে কানছগাড়ী মা ফাতেমা ডায়াগনস্টিক ও ক্লিনিকে গিয়ে দেখা যায়, চিকিৎসক ও নার্স আগেই পালিয়ে গেছেন। পরে সেখানে খোঁজ নিয়ে দুজন রোগী পাওয়া যায়।
এ সময় ক্লিনিকটির মালিক মো. আমিনুলের স্ত্রী বুবলী খাতুন হাজির হয়ে কাগজপত্র দেখান। এখানেও বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। অস্ত্রোপচারের কক্ষের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর।
এ প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আর দুই রোগীকে ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়।
শতদল ক্লিনিকেও একই অবস্থা পাওয়া গেছে। এ প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন ভোক্তা অধিকার।
সাজ্জাদ উল হক আরও বলেন, “বগুড়ায় প্রায় ৫০০ বেসরকারি ক্লিনিক আছে। আমরা পর্যায়ক্রমে সবগুলো পরিদর্শন করে অসংগতি খতিয়ে দেখব।”
মা ফাতেমা ক্লিনিকে চারদিন আগে স্ত্রী বেবি বেগমকে ভর্তি করিয়েছিলেন আদমদীঘি উপজেলার সান্দিরা গ্রামের আব্বাস আলী।
তিনি বলেন, “আমরা তো ভালো শুনে এখানে এসেছিলাম। আমার স্ত্রীর অপারেশনও ভালো করেছেন ডাক্তাররা। কিন্তু হাসপাতালের অনুমোদন নাই, এটা আমরা কীভাবে জানব? আজকে হঠাৎ করে আমাদের দরজা লাগিয়ে সব চলে গেছে। এমন সময়ে রোগীর যদি কিছু হত, এর দায়ভার কে নিত?”
