মাদারীপুরে ইটভাটায় পুড়ছে কাঠ, ৩ লাখ টাকা জরিমানা
কাঠ পোড়ানোর অভিযোগে ওই ইটভাটা মালিককে আগেও সতর্ক করা হয়েছিল।
মাদারীপুর সদর উপজেলায় ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে এক ভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোস্তাফিজুর রহমান।
অর্থদণ্ড পাওয়া কে এইচ বি ইটভাটা মালিকের পক্ষে জরিমানার অর্থ পরিশোধ করেন ম্যানেজার রনি খান।
দীর্ঘদিন ধরে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে এমন খবর পেয়ে বিকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় একটি ইটভাটায় জ্বালানি হিসেবে গাছপালা পোড়ানোর বিষয়টি সত্যতা পাওয়া যায়।
পরে ভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার অর্থ পরিশোধ করলে দণ্ড তুলে নেওয়ার পাশাপাশি ভাটা মালিককে সতর্ক করা হয়েছে।
জরিমানার অর্থ সোনালী ব্যাংকের মাধ্যমে জেলা প্রশাসনের রাজস্ব শাখায় জমা করা হয়েছে।
নির্বাহী হাকিম মোস্তাফিজুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের আইনে বলা আছে, পরিবেশের ক্ষতি করে ইটভাটায় কেউ কাঠ পোড়াতে পারবেন না। কাঠ পোড়ানোর অভিযোগে ওই ইটভাটা মালিককে আগেও সতর্ক করা হয়েছিল।
