ফেনীতে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার, ইয়াবা জব্দ
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
ফেনীর সদর উপজেলায় ছয়শ ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদ্দাম হোসাইন ওরফে মাহিন (১৯) কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া ২৭ নম্বর ক্যাম্পের এফ সি এন এর বাসিন্দা।
উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, “এ সময় সন্দেহভাজন মাহিনকে আটক করে তল্লাশি চালিয়ে ছয়শ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, “এ ঘটনায় ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এসআই মো. আবু তাহের বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেছেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।”
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, ওই রোহিঙ্গা তরুণকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
