গোপালগঞ্জে ‘হাসপাতালে কিশোরীকে ধর্ষণ’: প্রধান আসামি গ্রেপ্তার
পুলিশ জানায়, মামলায় এর আগে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।
গোপালগঞ্জের কাশিয়ানীতে হাসপাতালে এক কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে নড়াইল সদর উপজেলার আফরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার গণমাধ্যম শাখার প্রধান মোল্লা মাসুদুল হক জানান।
গ্রেপ্তার রমজান (২৪) কাশিয়ানী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
তাকে বুধবার কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
মামলার অন্য আসামিরা হলেন- উপজেলার খায়েরহাট গ্রামের সোহান (২০), বরাশুর গ্রামের শিহাব (২০), অজ্ঞাত ঠিকানার সুফিয়ান (২২), ইমন (২২) ও অজ্ঞাতনামা একজন।
মামলার নথির বরাতে কাশিয়ানী থানার পরিদর্শক (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, গত ২৩ মার্চ কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের পুরানো ভবনের একটি পরিত্যক্ত ওয়ার্ডে ১৬ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ঘটনার দিন দুপুরে ওই কিশোরী হাসপাতালটির পুরানো ভবনের চতুর্থ তলায় পরিত্যক্ত ওয়ার্ডে তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। এ সময় আসামিরা সেখানে গিয়ে তাদের ভয়-ভীতি দেখায়। এক পর্যায় ওই কিশোরীর বন্ধু ভয়ে সেখান থেকে চলে যান। এ সুযোগে রমজান বাকি আসামিদের সহযোগিতায় ওই কিশোরীকে জোর করে পাশের শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীটি কান্নাকাটি শুরু করলে আসামিরা পালিয়ে যান।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “ঘটনাটি বহিরাগত লোকজন ঘটিয়েছে। তবে থানায় মামলা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে ওসিকে বলা হয়েছে।“
ওসি মুহাম্মদ ফিরোজ আলম আরও বলেন, “আমরা শিহাব নামের এক আসামিকে গ্রেপ্তার করি। র্যাব প্রধান আসামি রমজানকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।”
