শেখ হাসিনার মামলায় পুনর্বিচারের সুযোগ নেই: প্রধান কৌঁসুলি
“একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত সুযোগ নেই। এ জাতীয় বিষয়ের এইসব উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি।”
মানবতাবিরোধী অপরাধের যে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, নতুন করে সেই মামলার বিচারের কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, আপিলের সুযোগ ও প্রক্রিয়া আইনে নির্ধারিত। সরকার বা ট্রাইব্যুনাল চাইলেই কাউকে আপিলের সুযোগ দিতে পারে না।
রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আমিনুল ইসলাম।
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে আছেন শেখ হাসিনা। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লিতে চিঠি দিয়েছে বাংলাদেশ।
পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে একাধিকবার ভারতকে তাগাদাও দিয়েছে বাংলাদেশের সরকার। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি কীভাবে দেখছে, এ নিয়ে গত ১২ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা।
ওই প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, চব্বিশের অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের যে মামলার রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মামলার পুনর্বিচার বা রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাকে আপিল করার সুযোগ দেওয়ার নিশ্চয়তা।
বিবিসির বরাত দিয়ে গত শনিবার প্রতিবেদন করে ভারতের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন। সেই প্রতিবেদন থেকে উদ্বৃত করে শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে প্রশ্ন করা হলে প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম একে ‘উদ্ভট’ ধারণা হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “ভারত নিজের দেশে ডিনোভো ট্রায়ালের (পুনর্বিচারের) বিধান বাতিল করলেও বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত সুযোগ নেই। এ জাতীয় বিষয়ের এইসব উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি।”
আমিনুল ইসলাম প্রশ্ন রেখে বলেন, “ভারত সরকার যে অ্যাডভাইস করতেছে (পুনর্বিচারের), তারা তো এই মামলার ট্রায়াল প্রসিডিং (বিচারিক কার্যক্রম) শুরু থেকেই জানে। তাদের আশ্রয়ে- প্রশ্রয়ে আসামি আছেন। ভারত তখন কেন তাদের অতিথিকে (শেখ হাসিনাকে) অ্যাডভাইস করলেন না যে, আপনি (শেখ হাসিনা) বাংলাদেশে যান, গিয়ে বিচারটা মোকাবেলা করেন।
“অথবা কেন বললেন না যে আপনি ইন টাইম (নির্ধারিত সময়ের মধ্যে) গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন। আর এখন আইসা আবার আমাদেরকে অ্যাডভাইস করছেন যে আপনি ডিনোভো ট্রায়াল করেন।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারা অনুসারে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বাধ্যবাধকতা রয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে গত বছর ১৭ নভেম্বর। সে হিসাবে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সময়সীমা অনেক আগেই শেষ হয়েছে।
আইনটি যে আওয়ামী লীগ শাসনামলে প্রণয়ন করা, সে কথা মনে করিয়ে চিফ প্রসিকিউটর বলেন, “২০১০ সালে এই আইনের অধীনে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা এবং কার্যপ্রণালি বিধিমালা প্রণয়ন করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ওই আইন ও বিধিমালা ব্যবহার করেই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে।”
তিনি বলেন, “বর্তমান সরকার আপিলের বিধানসংক্রান্ত কোনো ধারা পরিবর্তন করেনি। আইনে যে বিধান রয়েছে, সে অনুযায়ীই বিচার হচ্ছে। আইন অনুমতি না দিলে সরকার, ট্রাইব্যুনাল বা চিফ প্রসিকিউটর, কেউই আপিলের (শেখ হাসিনাকে) সুযোগ দিতে পারেন না।”
শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাব দেওয়া তার এখতিয়ারের মধ্যে পড়ে না বলে প্রধান কৌঁসুলি জানান।
