২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

“চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তাজুল ইসলাম ও তার পরিবারের লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 04:19 PM

Updated : 04 Nov 2022, 04:22 PM

চাঁদপুরের কচুয়া উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধে বড় ভাই ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড প্রধানিয়া বাড়ীতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি ইব্রাহীম খলিল। 

তাজুল ইসলাম (৬৫) ও সিরাজুল ইসলাম (৫২) ওই বাড়ির মৃত জমির উদ্দিন প্রধানিয়ার ছেলে। 

নিহতের স্ত্রী মাকসুদা বেগম বলেন, সম্পত্তি নিয়ে তাদের পারিবারিক বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার সকালে ভাসুর তাজুল ইসলাম পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার স্বামীর। 

“এক পর্যায়ে ভাসুর, তার স্ত্রী রহিমা বেগম, বড় ছেলে সাইফুল ইসলাম ও ছোট ছেলে আবিদ সংঘবদ্ধ হয়ে আমার স্বামীর ওপর হামলা করে। এসময় তাদের ছোড়া ইটে মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

“তাৎক্ষণিক হামলাকারী ভাসুরসহ অন্যরা আমার স্বামীকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তাজুল ইসলাম ও তার পরিবারের লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়।” 

ওসি ইব্রাহীম খলিল বলেন, “এই ঘটনায় আমরা তাজুল ইসলামসহ তিনজনকে আটক করেছি। ঘটনায় জড়িত বাকীদের আটকের চেষ্টা চলছে।”