টাঙ্গাইলে ইজিবাইকে লেগুনার ধাক্কা, চালকসহ প্রাণ গেল ২ জনের
যাত্রী নিয়ে সাগরদিঘী যাওয়ার পথে পেছন থেকে একটি লেগুনা ইজিবাইকটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লেগুনার ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন ইজিবাইকের আরও এক যাত্রী।
বুধবার বিকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর পেচুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মো. আবু ছালাম মিয়া জানান।
নিহতরা হলেন- ইজিবাইক যাত্রী উপজেলার সরিষাআটা গ্রামের মোস্তফা (৪০) এবং দেওপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে ইজিবাইক চালক আবু তালেব (৪৬)।
আহত সাহেদা বেগম (৭০) উপজেলার জোরদিঘী গ্রামের প্রয়াত ফয়েজ উদ্দিনের স্ত্রী। তিনি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
স্থানীয়দের বরাতে ওসি মো. আবু ছালাম মিয়া বলেন, বিকালে ধলাপাড়া থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সাগরদিঘীর দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি লেগুনা ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর লেগুনার চালক পালিয়ে যান।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি আবু ছালাম।
