২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের বিস্ফোরক মামলা, আসামি বিএনপির শতাধিক

মামলায় ইয়াকুব নামে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ওসি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 06:19 PM

Updated : 12 Feb 2023, 06:19 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ৷

নাশকতা ও সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের উপর হামলার অভিযোগে শনিবার রাতে আড়াইহাজার থানায় মামলাটি করা হয়৷ মামলার বাদী ওই থানার উপপরিদর্শক নূর আলম।

ইয়াকুব নামে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ওই থানার ওসি আজিজুল হক৷

তিনি জানান, গত শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজের পাঁচরুখী এলাকায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ককটেল বিস্ফোরণ ঘটনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷ এতে বাধা দিলে পুলিশের উপর হামলা চালায় তারা৷

ওসি জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, লাঠি, বাঁশ ও ইটের টুকরা জব্দ করা হয়েছে৷

মামলার নথির বরাতে থানা পুলিশ জানায়, মামলায় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আবদুসহ ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জনকে আসামি করা হয়েছে৷ ইয়াকুব (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়৷

ইয়াকুব আড়াইহাজার থানা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলমের ছোটভাই বলে জানিয়েছে বিএনপি৷

গত শনিবার দুপুর সোয়া ১টার দিকে কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি ছিল।

এর অংশ হিসেবে উপজেলার সাতগ্রাম ইউনিয়ন বিএনপি মিছিল বের করে। মিছিলটি পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের বাধার মুখে পড়ে৷ এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে৷ বিএনপির নেতা-কর্মীরা পাল্টা ইট-পাটকেল ছুড়ে৷ এতে বিএনপির ১০ জন এবং পুলিশের তিনজন আহত হন৷

বিএনপির অভিযোগ ছিল, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।

তবে পুলিশ বলছে, মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানালে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়।

পুলিশের মামলার প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আবদু বলেন, “আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করছিলেন৷ পাঁচরুখী বাজার থেকে কিছুটা দূরে মসজিদের সামনে গিয়েই পদযাত্রা শেষ করার কথা ছিল৷ অথচ এর আগেই পুলিশ আমাদের বাধা দিয়ে লাঠিপেটা শুরু করে, গুলি ও টিয়ার গ্যাস মারে৷ আবার আমাদের নামেই মামলা দিয়েছে৷ বিএনপি নেতারা এই হামলা-মামলা নিয়েই টিকে আছে৷”

তিনি আরও বলেন, “ইয়াকুব নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিএনপি করে না৷ তার বড়ভাই যুবদলের সদস্য সচিব৷ তাকে অযথাই চায়ের দোকান থেকে ধরে নিয়েছে পুলিশ৷”