রাজবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সকালে খেলা করার সময় সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় আরাফাত।
রাজবাড়ী সদরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুরিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ জানান।
মৃত দেড় বছর বয়সি আরাফাত একই এলাকার আকাশ খানের ছেলে।
নিহতের পরিবারের বরাতে ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আরাফাত বাড়িতে খেলা করছিল। সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সে।
খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তানজিলা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।
