পাবনায় বালি চাপায় দুই শিশুর মৃত্যু
ঈশ্বরদীর সাঁড়া ঘাটের ব্লকপাড়ার পদ্মা নদীর তীরে এক ব্যবসায়ী বালু মজুত করে রেখেছিলেন।
পাবনার ঈশ্বরদী উপজেলায় বালু চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান।
নিহতরা হল- সাঁড়া ৫ নম্বর ঘাট এলাকার হাসান আলীর ছেলে জিহাদ হোসেন (১০) এবং একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে হিমেল (৯)। তারা দুজনই সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
স্থানীয়দের বরাতে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার সাংবাদিকদের বলেন, সাঁড়া ঘাটের ব্লকপাড়ার পদ্মা নদীর তীরে এক ব্যবসায়ী বালু মজুদ করে রেখেছিলেন। শিশু দুটি সেই স্তুপের নীচে খেলা করছিল। প্রবল বৃষ্টিতে সেই বালু ধসে পড়ে শিশু দুটির উপর।
“তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বেরিয়েছিলেন। একপর্যায়ে বালুর স্তুপে এক শিশুর পা বের হয়ে থাকতে দেখেন। তখন সেখানে দুই শিশুকেই পাওয়া যায়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান আরও বলেন, “আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের দেখে এসেছি।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শফিকুল ইসলাম শামীম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
