তীব্র গরমে হাওরে ঘাস কাটতে গিয়ে কৃষকের মৃত্যু
“হাওরে গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার ঘণ্টাখানেক পর তীব্র গরমে তিনি অচেতন হয়ে পড়েন।”
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রচণ্ড গরমে হাওরে ঘাস কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আহমদপুরের পশ্চিমের বন্দ হাওরে এ ঘটনা ঘটে বলে জানান সেলবরষ ইউনিয়ন পরিষদের সদস্য শাহীনুর মিয়া।
মৃত রোকন মিয়া (৪৫) ওই এলাকার বাসিন্দা।
ইউপি সদস্য শাহীনুর মিয়া বলেন, “বেলা দেড়টার দিকে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন রোকন। ঘণ্টাখানেক পর তীব্র গরমে তিনি অচেতন হয়ে পড়েন। অনেকক্ষণ সেখানে পড়ে থাকার পর অন্য কৃষকরা খবর দেন তার স্বজনদের।
“পরিবারের লোকজন বেলা ৩টার দিকে রোকনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রঞ্জন কৃষ্ণ চাকলাদার বলেন, “হাসপাতালে আসার আগেই হিটস্ট্রোকে রোকন মিয়া মারা গেছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
