হবিগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
লাখাই থেকে জেলা শহরে যাওয়ার পথে একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
হবিগঞ্জ সদরে ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধল এলাকায় এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান।
নিহত ৪৭ বছর বয়সী মো. নুর উদ্দিন লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের নখলাদাম গ্রামের প্রয়াত সায়েদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় হুরগাঁও মসজিদে ইমাম ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নুর উদ্দিন ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে ধল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি গোলাম মর্তুজা।
