কুমিল্লায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় বলে জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার।
কুমিল্লায় অবরোধের সমর্থনে মিছিল বের হলে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
মঙ্গলবার সকালে ৭টারি দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার ঝাগরজুলি এলাকায় এ ঘটনা ঘটে বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.কামরান হোসেন জানান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অবরোধের সমর্থনে মহাসড়কের ঝাগরজুলি এলাকায় অবস্থান নেয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। বিএনপির একটি মিছিল মহাসড়ক হয়ে সামনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদেরকে ধাওয়া দেয়। এসময় বিএনপির সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের যুক্ত হয়ে পুলিশকে পাল্টা ধাওয়া দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়লে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। এ ছাড়া পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে তারা।
এ ঘটনায় মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয়) মোস্তাক মিয়া বলেন, “আমাদের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছেন। তারা অন্যায়ভাবে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
“এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় আমাদের কয়েকজন আহত হয়েছেন।”
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান বলেন, “বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
“এ সময় তারা ইটপাটকেল ছুঁড়ে মারলে পুলিশের একটি গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশের কয়েকজন সদস্যের গায়ে ইট লাগে।”
অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নিতে পারেনি; তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
