২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন: এমপি সাহাদারা মান্নানের ছেলে ও ভাই ভোটে রইলেন

“আমরা বারণ করেছি, চেষ্টা করেছি। কিন্তু তারা শোনেননি। এখন কেন্দ্র সিদ্ধান্ত নেবে বিষয়টি নিয়ে।”

উপজেলা নির্বাচন: এমপি সাহাদারা মান্নানের ছেলে ও ভাই ভোটে রইলেন

(বাম থেকে) সাখাওয়াত হোসেন সজল এবং মিনহাদুজ্জামান লিটন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 11:16 PM

Updated : 22 Apr 2024, 11:16 PM

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও ভোটের মাঠে রইলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে ও ছোট ভাই।

দলীয় এমপি-মন্ত্রীদের স্বজন ও সন্তানরা প্রার্থী হতে পারবেন না- আওয়ামী লীগের এমন ঘোষণার মধ্যেই সাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন সজল সারিয়াকান্দী উপজেলায় এবং ছোট ভাই মিনহাদুজ্জামান লিটন সোনাতলায় চেয়ারম্যান পদে তাদের প্রার্থিতা বহাল রেখেছেন।

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম ধাপে ৮ মে ভোট হবে। আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মঙ্গলবার প্রার্থীদের প্রতীক দেওয়া হবে।

“সোনাতলা উপজেলায় সাখাওয়াত হোসেন সজল এবং সারিয়াকান্দিতে মিনহাদুজ্জামান লিটন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।”

মিনহাদুজ্জামান লিটন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদেও রয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মিনহাদুজ্জামান লিটন বলেন, “আমি ভোট করে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছি; উপজেলা চেয়ারম্যানও হয়েছি। আমার বোন আমাকে নেগোসিয়েশন করে বসিয়ে দেননি। আমি উনার ভাই হতে পারি কিন্তু আমার যোগ্যতায় আমি এতদূর এসেছি।

“আমি ভোট করব দলের উপজেলা কমিটির সভাপতি হিসেবে। আমার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। যদি আমার পদ না থাকত কিংবা চেয়ারম্যান না হতাম- সেক্ষেত্রে এমপির ভাই পরিচয় প্রযোজ্য হত।”

চেয়ারম্যান পদের এই প্রার্থী বলেন, “আমার প্রতিদ্বন্দ্বী আছে একজন। আমি প্রার্থিতা প্রত্যাহার করলে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়ে যাবেন। প্রতিদ্বন্দ্বী না থাকলে কি ভোট হবে? প্রধানমন্ত্রীও চান, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হোক, নির্বাচন কমিশনও তাই চায়। আমি সরকারের ভাবমূর্তি অক্ষুণ্নু রাখতেই ভোট করছি।”

তবে সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমপি-পুত্র সাখাওয়াত হোসেন সজলের মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

সংসদ সদস্য সাহাদারা মান্নানকে মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।

এ ব্যাপারে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, “দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেছেন এমপি-মন্ত্রীর নিকট স্বজনদের উপজেলা নির্বাচন থেকে বিরত থাকতে। এটাই আমাদের কাছে নির্দেশনা। আমরা বারণ করেছি, চেষ্টা করেছি। কিন্তু তারা শোনেননি। এখন কেন্দ্র সিদ্ধান্ত নেবে বিষয়টি নিয়ে।”

আরও পড়ুন:

পুরনো খবর:

এমপি সাহাদারা মান্নানের ভাই ভোটে থাকছেন