২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন দাখিলের সময় ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০

পুলিশ জানায়, দুইপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মাঝে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 03:59 PM

Updated : 30 Nov 2023, 05:58 PM

হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরীর মত বিনিময় সভায় ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে দশজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মুশফিক হোসেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা শহরের নতুন বাজার এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান।

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে শহরজুড়ে।

ঘটনার বর্ণনায় ওসি মাসুক বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল উপলক্ষে সকালে নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে সকাল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতারা সেখানে জড়ো হতে শুরু করে।

এ সময় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরী নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সভাস্থলে যায়। নাজিমউদ্দিনের অনুসারীরা আওয়ামী লীগ প্রার্থী মুশফিক হুসেনকে স্বাগত জানাতে গেলে ছাত্রলীগ কর্মী জাহিদুল ইসলাম রুবেলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধাক্কা-ধাক্কি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।”

পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারা ইটপাটকেল নিক্ষেপ ও একটি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান মাসুক।

এ বিষয়ে জানতে চাইলে জাহিদুল ইসলাম রুবেল বলেন, “নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। সকালে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়পত্র দাখিলের সময় নাজিমউদ্দৌলা চৌধুরীর লোকজন ছাত্রলীগ কর্মী মান্নাকে মারধর করে। এর জের ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।”

আর নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজিমউদ্দৌলা চৌধুরী বলছেন, “আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে গেলে জাহিদুল ইসলাম রুবেল ও তার লোকজন অতর্কিত হামলা চালায়। পরে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।”

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমার রবিন বলেন, “ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলার বিষয়টি তিনি শুনেছেন। নতুন করে বিবাদ এড়াতে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। “