২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে র‌্যাবের উপর হামলা মামলার আসামিদের অব্যাহতি

ইউনিফর্ম ছাড়া চার র‌্যাব সদস্যের উপর হামলার অভিযোগ তুলে ২০১৮ সালের ২৬ মে মামলা করে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 07:52 PM

Updated : 11 Jun 2023, 07:52 PM

রাজশাহীতে হামলার অভিযোগ এনে র‌্যাব সদস্যের করা আলোচিত মামলার সব আসামিকে অব্যাহতি দিয়েছে আদালত।

রোববার দুপুরে রাজশাহী মহানগর হাকিম মো. মহিদুর রহমান এ রায় ঘোষণা করেন বলে আসামি পক্ষের আইনজীবী তানভিরুল ইসলাম জানান।

রায় ঘোষণার সময় সব (নয়জন) আসামি আদালতে হাজির ছিলেন।

মুক্তরা হলেন: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর ছোট ভাই খাদেমুল আলম মাসুম, তার ঘনিষ্ঠজন মাসুদ রানা (১), মাসুদ রানা (২), জাহাঙ্গীর আলম কনক, মনোয়ারুল ইসলাম ডিপলু, সাদি, এন্তাজ, রাসেল ও শাওন।

আইনজীবী তানভিরুল ইসলাম বলেন, ইউনিফর্ম ছাড়া চারজন র‌্যাব সদস্যের উপর হামলার অভিযোগ তুলে ২০১৮ সালের ২৬ মে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা করেন র‌্যাব-৫ এর হাবিলদার হুমায়ন কবির।

মামলায় নয়জনকে আসামি করা হয়। পরে পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

তবে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত সব আসামিকে মুক্তি দেওয়া হয়।

তানভিরুল ইসলাম বলেন, র‌্যাব তাদের দায়ের করা মামলায় অভিযোগ করেন, ২০১৮ সালে নগরীর কোর্ট স্টেশন বাইপাস এলাকায় দায়িত্বরত অবস্থায় লোহার রড ও লাঠি দিয়ে চার র‌্যাব সদস্যের ওপর হামলা চালায় খাদেমুল আলম মাসুমের নেতৃত্বে একদল সন্ত্রাসী।

ইউনিফর্ম ছাড়া দায়িত্বরত র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরও তাদের কিল-ঘুষি ও লাথি মারে। এ ঘটনায় র‌্যাবের চার সদস্য আহত হন।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

তিনি আরও বলেন, মামলার পর র‌্যাব রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। আদালতে আত্মসমর্পন করেন অপর আসামিরা। কিছুদিন পর সবাই জমিনে মুক্তি পান।

রায়ে সন্তুষ্ট প্রকাশ করে মুক্তি পাওয়া জাহাঙ্গীর আলম কনক বলেন, “এই রায়ে সত্যের জয় হয়েছে। ওইদিন সেখানে র‌্যাবের উপর কোনো হামলার ঘটনাই ঘটেনি।”

তিনি আরও বলেন, “মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় এক পথচারীকে র‌্যাব সদস্যরা পিটিয়ে জখম করে। অনেকেই সেই ঘটনার প্রতিবাদ জানায়। কিন্তু উল্টো তারা আমাদের উপর মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে।”