২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ‘র‌্যাব পরিচয়ে ১৯ লাখ ছিনতাই’, গ্রেপ্তার ২

সাত দিন আগে ‘র‌্যাব পরিচয়ে’ কয়েক ব্যক্তি যাত্রীবাহী বাস থেকে এক ব্যবসায়ীকে নামিয়ে হাতকড়া পরিয়ে প্রাইভেটকারে তুলে নেয় বলে জানায় পুলিশ।

টাঙ্গাইলে ‘র‌্যাব পরিচয়ে ১৯ লাখ ছিনতাই’, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার শামীম আহমেদ সবুজ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 07:04 PM

Updated : 29 Aug 2023, 07:04 PM

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ‘র‌্যাব পরিচয়ে’ এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

গ্রেপ্তারা হলেন- ময়মনসিংহ কোতোয়ালি থানার নারায়নপুর গ্রামের প্রয়াত আইয়ুব আলীর ছেলে সফর উদ্দিন মুন্না (২২) ও কুমিল্লার হোমনা থানার দরিগাঁও গ্রামের প্রয়াত মোশারফ হোসেনের ছেলে শামীম আহমেদ সবুজ (৩৩)।

পুলিশ সুপার কায়সার বলেন, “গত ২২ অগাস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যায়ে র‌্যাব পরিচয়ে গ্রেপ্তার দুই জনসহ চার জন একটি যাত্রীবাহী বাসে উঠেন। এ সময় বাস থেকে ব্যবসায়ী হেলাল মোল্লাকে নামিয়ে গামছা দিয়ে তার চোখ বেঁধে হাতকড়া পরিয়ে প্রাইভেটকারে তোলেন তারা।

“পরে হেলালের সঙ্গে থাকা ১৯ লাখ ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে কিছুদূরে গিয়ে তাকে নামিয়ে দিয়ে প্রাইভেটকারটি চলে যায়।”

ঘটনার পরদিন ২৩ অগাস্ট মির্জাপুর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী হেলাল।

পুলিশ সুপার আরও বলেন, মামলার পর অভিযান চালিয়ে ২৪ অগাস্ট ময়মনসিংহ থেকে মুন্নাকে আটক করা হয়। পরে তাকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

মুন্নাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে সাতক্ষীরার দেবহাটা থেকে সবুজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি প্রাইভেটকার, টুপি, চশমা, বাঁশের লাঠি, গামছা, মোবাইল, দুটি মোটরসাইকেল ও এক লাখ টাকা জব্দ করা হয়।

দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার কায়সার।