২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে মুরগি বোঝাই পিকআপ পুকুরে পড়ে ব্যবসায়ী নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এসময় সেটির চালক বের হতে পারলেও ওমর পারেননি।

মুন্সীগঞ্জে মুরগি বোঝাই পিকআপ পুকুরে পড়ে ব্যবসায়ী নিহত

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 01:58 PM

Updated : 15 Apr 2023, 03:34 PM

বঙ্গবন্ধু এক্সপ্রেওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান পুকুরে পড়ে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ষোলঘর এলাকার কেউটখালীতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন।

নিহত ওমর শেখ শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও গ্রামের মো. মিজানের ছেলে। ৩০ বছরের ওমর মুরগি ব্যবসায়ী ও পিকআপ ভ্যানটির মালিক।

স্থানীয়দের বরাতে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, সকালে কেউটখালী থেকে মাওয়াগামী মুরগি বোঝাই পিকআপটি মহাসড়কের সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এসময় গাড়িটির চালক বের হতে পারলেও ওমর পারেননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে ওমর শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির জানান, নিহতের লাশ আবেদন সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।