২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দিঘি থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, কুকুরের তাড়া খেয়ে শিহাব পুকুরে ঝাঁপ দিয়েছিল।

নাটোরে দিঘি থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

শিহাব হোসেন চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 01:19 PM

Updated : 25 Jun 2023, 03:00 PM

নাটোর শহরের একটি দিঘি থেকে স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের চৌকিরপাড় এলাকায় জয়কালীর দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। 

নিহত শিহাব হোসেন বড়হরিশপুর এলাকার খোকন আলীর ছেলে। ১৭ বছরের শিহাব শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। 

পুলিশ পরিদর্শক আজাদ বলেন, “শুক্রবার রাতে শিহাব ও তার বন্ধু জয়কালী দিঘির পাড় দিয়ে যাওয়ার পথে তাদের কুকুর তাড়া করে। তার বন্ধু অন্যদিকে দৌড়ালেও কুকুরের কামড়ের ভয়ে শিহাব দিঘির পানিতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর শিহাবের বন্ধু ফিরে এসে অনেক খোঁজাখুজির করেও তার কোনো সন্ধান পায়নি।” 

তিনি আরও বলেন, “পরে শনিবার রাত ১২টার দিকে দিঘির পাহারাদার শিহাবের ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ দ্রুত গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। “ 

যদিও স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে শিহাব ও কয়েকজন বন্ধু দিঘির পাড়ে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে অন্যরা সবাই দৌড়ে পালিয়ে গেলেও শিহাব দিঘির পানিতে ঝাঁপ দেয়। 

এ বিষয়ে জানতে চাইলে এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংযোগ নেই জানিয়ে  পুলিশ কর্মকর্তা আজাদ বলেন, “শিহাবের মরদেহে কুকুরের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। শিহাবের মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।” 

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পরিদর্শক আবুল কালাম আজাদ।