২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

ঢাকামুখী ট্রাকটি ফিলিং স্টেশনের সামনে থামিয়ে ত্রুটি সারাতে ট্রাকের নিচে কাজ করছিলেন হেলপার।

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2024, 12:54 PM

Updated : 12 Mar 2024, 12:54 PM

কুমিল্লার চান্দিনা উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাছবাহী আরেক ট্রাকের ধাক্কায় চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার বেলাশহর এলাকার আর এন আর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মনজুরুল আলম মোল্লা। 

নিহতরা হলেন- ভোলার মনপুরা থানার রহমানপুর গ্রামের খোরশেদ হাওলাদারের ছেলে মনির হোসেন (২৮), একই গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২), হামিদ মিস্ত্রীর ছেলে আকতার হোসেন (৩৫) এবং সাতক্ষীরা জেলার সদর উপজেলা রফিকুল ইসলাম (২৩)। 

নিহতদের মধ্যে রফিকুল দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ছিলেন।অন্যরা মাছবোঝাই ট্রাকের শ্রমিক। তারা মাছ আনা নেওয়ার কাজ করতেন। 

স্থানীয়দের বরাতে পরিদর্শক মনজুরুল বলেন, ঢাকামুখী একটি ট্রাকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আরএনআর ফিলিং স্টেশনের সামনে থামিয়ে রাখা ছিল। সেটির হেলপার ত্রুটি সারাতে ট্রাকের নিচে কাজ করছিলেন। 

“এ সময় পেছন থেকে মাছবোঝাই একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন আরও তিনজন।” 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহত তিনজনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

পরিদর্শক মনজুরুল আরও বলেন, নিহতদের মরদেহ ফাঁড়িতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর চালকদের পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।