নেত্রকোণায় ময়লার ভাগাড় থেকে যুবকের লাশ উদ্ধার
প্রাথমিকভাবে মনে হচ্ছে, স্ক্রু ড্রাইভার দিয়ে তার গলায় আঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোণা পৌর শহরে ময়লার ভাগাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সোয়া ৮টার দিকে পৌরসভার বালুখালি এলাকার ময়লার ভাগাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নেত্রকোণা মডেল থানার পরিদর্শক খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন।
নিহত মো. সাফায়েত উল্লাহ (৩০) শহরের রাজুর বাজারের বালুখালি এলাকার মো. ওমর ফারুখের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবারের বরাতে পরিদর্শক শাকের আহমেদ জানান, সাফায়েত উল্লাহ প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতেন। শনিবার দুপুরের দিকে বাড়ি থেকে বেরিয়ে রাতে তিনি বাড়ি ফিরেননি। পরে সকালে ময়লার ভাগাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরিদর্শক আরও বলেন, লাশের গলা থেতলানো অবস্থায় ছিল। সেখানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, স্ক্রু ড্রাইভার দিয়ে তার গলায় আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ভোরের দিকে সাফায়েতকে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখে।
পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। হত্যার রহস্য উন্মোচনে সাফায়েতের বাবা, মাসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে হত্যার রহস্য উন্মোচনে ছায়া তদন্ত শুরু করেছে পুলিশের বিশেষায়িত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, শহরের ভেতরে এ ধরনের ক্লুলেস হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
“ধারণা করছি, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এই হত্যার সঙ্গে কে বা কারা জড়িত তা দ্রুত বের করতে পিবিআই কাজ শুরু করেছে।”
