১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে ১৬ বছর পালিয়ে থাকা ফাঁসির আসামি গ্রেপ্তার

২০০৭ সালে ডাকাতরা সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমানের বাড়িতে হানা দিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

জয়পুরহাটে ১৬ বছর পালিয়ে থাকা ফাঁসির আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার জাফর জাফু ওরফে ইয়ারব

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 10:46 AM

Updated : 29 Jul 2023, 10:57 AM

জয়পুরহাটে হত্যা মামলায় ১৬ বছর পালিয়ে থাকা এক ফাঁসির আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শুক্রবার রাতে সদর উপজেলার পুরানাপৌল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান।

গ্রেপ্তার জাফর জাফু ওরফে ইয়ারব (৩৫) সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা।  

মামলার নথির বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমানের বাড়িতে হানা দেয়। ডাকাতরা মজিবরের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে প্রায় ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায়।  

পরে প্রতিবেশীরা গুরুতর আহত মজিবরকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার দুদিন পর নিহতের ছেলে আবদুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন। 

এ মামলায় গত ১৯ জুন জয়পুরহাটের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন জাফুকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। 

হত্যাকাণ্ডের পর থেকেই জাফু পলাতক ছিলেন দাবি করে র‍্যাব জানায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।