আদালতে স্বামী-স্ত্রীর ঝগড়া, তিনতলা থেকে ‘পড়ে’ দুজনই হাসপাতালে
স্বামী-স্ত্রী দুজনেই হাত-পা ও বুকে আঘাত পেয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।
আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তিনতলা থেকে ‘পড়ে’ এক দম্পতি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান আসাদ জানান।
আহতরা হলেন-মেহেরপুর গাংনী উপজেলার শওড়াতলা গ্রামের আবুল কাসেমের ছেলে মামুনুর রশিদ মামুন ও তার স্ত্রী তেতুলবাড়িয়া রামদেবপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে সীমা আক্তার।
পিপি আসাদুজ্জামান আসাদ বলেন, “আদালত চলার সময় সময় হঠাৎ চিৎকার-হট্টগোল শুনি। পরে জানতে পারি, আদালতের বারান্দায় যৌতুকের একটি আপোষ মামলায় নিজেদের মধ্যে গণ্ডগোল করে স্বামী-স্ত্রী তিনতলা থেকে পড়ে আহত হয়ে এখন হাসপাতালে।”
লোকজন মামুনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং সীমাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করেছে বলে জানান তিনি।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাজমুস সাকিব বলেন, “স্বামী-স্ত্রী দুজনেই হাত-পা ও বুকে আঘাত পেয়েছেন। দুজনের শারীরিক অবস্থা গুরুতর। মামুন এ হাসপাতালে চিকিৎসা নিলেও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।”
প্রত্যক্ষদর্শী রাব্বি রহমান বলেন, স্ত্রী সীমার দায়ের করা যৌতুকের মামলায় হাজিরা দিতে আদালতে আসেন মামুন। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে মামুন আদালত ভবনের তিনতলা থেকে সীমাকে ধাক্কা দেয়। সীমা পড়ে যাওয়ার সময় স্বামীর হাত ধরে ফেললে তার সঙ্গে মামুনও নিচে পড়ে যায়।
সীমা বলেন, “এক যুগ আগে মামুনের সঙ্গে আমার বিয়ে হয়। স্বামীর নির্যাতন সইতে না পেরে বিয়ের ১২ বছর পর আদালতে তার বিরুদ্ধে যৌতুকের মামলা করি। ওই মামলার হাজিরা ডাকের অপেক্ষায় আমরা দুজনই আদালতের তিনতলার বারান্দার রেলিংয়ের সামনে দাঁড়িয়ে ছিলাম।
“এ সময় আমাদের মধ্যে ঝগড়া শুরু হলে মামুন আমাকে ধাক্কা দেয়। পড়ে যাওয়ার তার হাত ধরে ফেললে আমার সঙ্গে সেও পড়ে যায়।”
সীমার বাবা ফরিদুল ইসলাম বলেন, “মামুন মেয়েকে মারধর করত। আমরা মেয়েকে দেব না, তাই আদালতে মামলা করি। দুই লাখ টাকায় মামলা আপোষ হয়। ওই টাকা প্রদানের দিন ছিল সোমবার।
“আমরা আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। আদালত চলছিল। তখন টাকা দেওয়ার নাম করে মামুন আমার মেয়েকে ধাক্কা দিয়ে তিনতলার বারান্দা থেকে ফেলে দেয়।”
