মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত
বিজয় দিবসের কর্মসূচিতে উড়িয়ে দেবার জন্য বেলুন প্রস্তুত করছিলেন দুই বিক্রেতা।
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক জন।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বরত এএসআই মো. মোস্তাফিজুর রহমান।
নিহত মো. আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। আর আহত কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।
এএসআই মোস্তাফিজুর জানান, বিজয় দিবসের কর্মসূচিতে উড়িয়ে দেবার জন্য বেলুন প্রস্তুত করছিলেন দুই বিক্রেতা। তারা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় গণশুনানির জন্য থাকা ফাঁকা জায়গায় গ্যাস ব্যবহার করে বেলুনগুলো ফুলাচ্ছিলেন।
ভোর সাড়ে ৪টার দিকে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দুজন গুরুতর আহত হন।
পরে মানিকগঞ্জ সদর থানা এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক হওয়ায় আনোয়ার ব্যাপারীকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন বলেন, নিহতের মরদেহ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:
