কুমিল্লায় নির্মাণ শ্রমিককে ছুরি মেরে হত্যা
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্মাণ শ্রমিককে ছুরি মেরে হত্যা করেছে এক যুবক।
মঙ্গলবার বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর রায়পুরে একটি বিস্কুট কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন (৩২) ওই উপজেলার বাজেবাহেরচর কাঁঠালিয়া এলাকার আবদুল মজিদ বেগের ছেলে। তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইসমাইল বলেন, “তুষার নামে এক যুবক কামালকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে মাদকাসক্ত তুষার পালিয়ে যান।
তিনি বলেন, “স্থানীয়রা গুরুতর আহত কামালকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে নিহতের পরিবার ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছেন বলে জানান ওসি।
তুষারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
