৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে কিশোর সবজিবিক্রেতাকে ছুরি মেরে হত্যা

ওসি বলেন, প্রাথমিকভাবে সবজির দোকান থেকে চাঁদাবাজি ও সিনিয়র-জুনিয়র বিরোধের একটি বিষয় সামনে এসেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 08:54 AM

Updated : 30 Sep 2026, 08:54 AM

চট্টগ্রাম নগরীর খুলশীতে এক কিশোরকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত হৃদয়ের বয়স আনুমানিক ১৬ বছর। সে তার দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশে ফুটপাতে সবজি বিক্রি করত। ওই এলাকাতেই তাদের বাসা।

পরিবারের সদস্যদের বরাতে খুলশী থানার ওসি আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়।

“পরে তার পরিবারের সদস্যরা তাকে ছুরিকাঘাতের খবর পান। হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, প্রাথমিকভাবে সবজির দোকান থেকে চাঁদাবাজি ও সিনিয়র-জুনিয়র বিরোধের একটি বিষয় সামনে এসেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং এক পুলিশ কর্মকর্তা জানান, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতা ওয়্যারলেস কলোনিসহ আশপাশের এলাকার সড়কের পাশে ও ফুটপাতে অনেক অবৈধ দোকান বসিয়েছেন। ভাড়ার নামে দোকানিদের কাছ থেকে টাকা আদায় করে তার লোকজন।

হৃদয় ও তার দৃষ্টি প্রতিবন্ধী বাবা ফুটপাতে সবজির দোকান করতেন। দোকান থেকে টাকা আদায়কারীদের সঙ্গে কয়েকদিন আগে হৃদয়ের ঝগড়া হয়।

রাতে সেই বিরোধ মিমাংসার কথা বলে হৃদয়কে স্থানীয় ওই নেতার কার্যালয়ে ডেকে নেওয়া হয়েছিল। সেখান থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয় বলে স্থানীয়দের ভাষ্য।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের ওই স্থানীয় নেতার বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।