২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের স্থানীয় নির্বাচন: তাইপের মেয়র পদ ধরে রাখল বিরোধীরা

“মজার বিষয় হলো, ফলাফল নিয়ে সবার মধ্যেই কিছুটা হতাশা রয়েছে।”

তাইওয়ানের স্থানীয় নির্বাচন: তাইপের মেয়র পদ ধরে রাখল বিরোধীরা

তাইপের মেয়র নির্বাচনে জয়ের পর সমর্থকদের সামনে মঞ্চে দাঁড়িয়ে হাত নাড়ছেন বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) প্রার্থী ও বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 11:49 AM

Updated : 29 Nov 2026, 11:49 AM

তাইওয়ানে শনিবার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে দেশটির রাজধানী তাইপের মেয়র পদ ধরে রেখেছে প্রধান বিরোধী দল। তবে অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে দলটি।

বিবিসি লিখেছে, চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষপাতী কুওমিনতাং (কেএমটি) দলের প্রার্থী চিয়াং ওয়ান-আন তাইপের মেয়র নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেনকে হারিয়েছেন।

যদিও বেইজিংয়ের নিষেধাজ্ঞায় থাকা সাবেক আন্দোলনকর্মী শেন ভোটের ফলকে ‘গণতন্ত্রের বিজয়’ বলে বর্ণনা করেছেন। তার দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কেএমটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি এলাকায় জয় পেয়েছে।

বিবিসি লিখেছে, নির্বাচনের ফলাফলে চীনের সঙ্গে তাইওয়ানের নীতিতে পরিবর্তন আসবে না। তবে ২০২৮ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে দলগুলোর জনসমর্থন যাচাইয়ের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে এ নির্বাচনকে।

স্থানীয় বিষয়কে গুরুত্ব দিয়ে সোশাল মিডিয়ায় উদ্ভাবনী প্রচার চালিয়ে চিয়াংকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছিলেন শেন। সাশ্রয়ী আবাসন ও গণপরিবহনের মতো বিষয় ছিল তার প্রচারের কেন্দ্রে।

প্রায় তিন দশক ধরে তাইপের মেয়র পদে জয় পায়নি ডিপিপি। ফলে সাবেক বেসামরিক প্রতিরক্ষা আন্দোলনকর্মী শেনের জয় হলে তা বড় চমক হিসেবে বিবেচিত হতো।

Image

তাইপের মেয়র নির্বাচনে হেরে যাওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেন। ছবি: রয়টার্স

পরাজয় মেনে নিয়ে শেন বলেন, “কখনও আমরা সফল হব, কখনও ব্যর্থ হব। তবে আমরা তাইওয়ানের সাহস ও চেতনাকে এগিয়ে নিয়ে যাব, তা কখনও হারিয়ে যাবে না।”

শেনের নির্বাচনি সমাবেশে তার এক সমর্থক বিবিসি চাইনিজকে বলেন, “এটা দুঃখজনক। তবে আমার মনে হয়, তিনি আমাদের রাজনীতি করার একটি নতুন পথ দেখিয়েছেন।”

বেইজিং ভোটের আগে শেনকে তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতার জন্য ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করেছিল।

চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) ডিপিপিকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে এবং দলটির সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

বিবিসি লিখেছে, তাইওয়ানের স্থানীয় নির্বাচনে জীবনযাত্রার ব্যয় ও নাগরিক সেবার মতো বিষয়গুলো গুরুত্ব পেলেও বেইজিংয়ের অব্যাহত সামরিক চাপের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। চীন নিয়মিত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ দিয়ে দ্বীপটিকে ঘিরে সামরিক তৎপরতা চালায়।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উত্তর-পূর্ব এশিয়াবিষয়ক বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, তাইপের নিয়ন্ত্রণ ডিপিপি ও পুমা শেনের হাতে যাওয়া ঠেকিয়ে বেইজিং তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন এড়িয়েছে।

নির্বাচনের পর প্রথম বিবৃতিতে চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর বলেছে, “তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি যতই পরিবর্তিত হোক, মাতৃভূমির সঙ্গে তাইওয়ানের এক হওয়া ঐতিহাসিকভাবে অবশ্যম্ভাবী। কেউ তা ঠেকাতে পারবে না, শেষ পর্যন্ত তা ঘটবেই।”

এর জবাবে তাইওয়ানের ভূখণ্ডবিষয়ক পরিষদ বেইজিংয়ের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়াই এবং সমান মর্যাদায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনায় বসতে চীনা কমিউনিস্ট পার্টির প্রতি আহ্বান জানিয়েছে।

Image

তাইওয়ানের তাইপেতে স্থানীয় নির্বাচনের ফল টেলিভিশনে দেখছে একটি পরিবার। ছবি: রয়টার্স

নিজের নির্বাচনি সমাবেশে আবেগাপ্লুত হয়ে চিয়াং বলেন, তাইপের বাসিন্দারা তাদের ভোটের মাধ্যমে নগর সরকারের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, ফলাফল প্রমাণ করেছে, তাইপের ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ মানুষ রাজনৈতিক কোলাহল ও বিভাজনের বদলে স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং সমস্যার বাস্তবসম্মত সমাধান চান।

চিয়াংয়ের এক সমর্থক বিবিসি চাইনিজকে বলেন, “আমি খুব আবেগাপ্লুত। গত চার বছর ছিল তার প্রথম মেয়াদ।

“তাই তার নীতিগুলো অব্যাহত রাখতে তাকে আবার নির্বাচিত করা প্রয়োজন ছিল।”

তবে চার বছর আগে প্রথমবার নির্বাচিত হওয়ার সময় চিয়াং ৬৭ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। এবার তার জয়ের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমেছে।

তার ভোট কমে আসা তাইওয়ানজুড়ে কেএমটির জন্য কঠিন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। ঐতিহাসিকভাবে দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি এলাকাতেও এবার পরাজিত হয়েছে তারা।

মধ্য তাইওয়ানের গুরুত্বপূর্ণ শহর তাইচুংয়ে মেয়র পদ হারিয়েছে কেএমটি। দলটির বিদায়ী মেয়র লু শিউ-ইয়েন সর্বোচ্চ আট বছর দায়িত্ব পালন করেছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তাকে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়।

Image

তাইপের মেয়র নির্বাচনে ফলের অপেক্ষায় বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) প্রার্থী ও বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আনের সমর্থকরা। ছবি: রয়টার্স

তাইচুংয়ের মেয়র পদে কেএমটির উত্তরসূরি প্রার্থীকে জেতাতে না পারা লুর প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে। পাশাপাশি দলের অভ্যন্তরীণ কোন্দলও বাড়াতে পারে বলে মনে করেন ইয়াং।

তিনি বলেন, আগামী কয়েক মাস কেএমটির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের দিকে বেইজিংকে সতর্ক নজর রাখতে হবে। এরপর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজেদের কৌশল নতুন করে সাজানোর প্রয়োজন আছে কি না, তা নির্ধারণ করতে হবে।

বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে ২০২৮ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য লড়বেন বলে ধারণা করা হচ্ছে। বেইজিং তাকেও ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে বিবেচনা করে।

তবে তাইওয়ানের রাজনীতি নিয়ে গবেষণাকারী ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লেভ নাচম্যান বলেন, তাইপেতে জয় না পাওয়ায় লাই চিং-তের পুনর্নির্বাচনের প্রচার কিছুটা ধাক্কা খাবে।

তিনি বলেন, “মজার বিষয় হলো, ফলাফল নিয়ে সবার মধ্যেই কিছুটা হতাশা রয়েছে।”