২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সিলেটে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন

১৫ ও ২১ জুলাই রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি চেয়েও পায়নি দলটি।

এবার সিলেটে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন

শনিবার দুপুরে বন্দরবাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 10:17 PM

Updated : 25 Jul 2023, 10:17 PM

সিলেটে বিভাগীয় সমাবেশ করার দুই দফা আবেদন করেও অনুমতি পায়নি জামায়াতে ইসলামী। তবে এবার বিক্ষোভ মিছিল করার অনুমতি চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করেছে দলটি।

মঙ্গলবার সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলী বলেন, “আগামী শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করার জন্য সোমবার পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।”

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, “জামায়াতের লিখিত আবেদন পেয়েছি; তাদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কি-না, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তারপর সিদ্ধান্তের বিষয়টি জানানো হবে।”

মহানগর জামায়াতে ইসলামী জানায়, সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জামায়াতের আমিরসহ গ্রেপ্তার নেতাকর্মী ও আলেমদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় নগরীর সিটি পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত এ মিছিল হবে। এ সময় দলটি সংক্ষিপ্ত সমাবেশও করতে চায়।

গত ১৫ ও ২১ জুলাই নগরের রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। এ জন্য অনুমতি চেয়ে পুলিশের কাছে লিখিত আবেদনও করা হয়। তবে পুলিশ অনুমতি না দেওয়ায় দলটি সমাবেশ করতে পারেনি।

এ অবস্থায় ওই দুই দিন দলটি নগরীর বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মার্কেটের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশের অনুমতি না দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়েছে।

আগামী দিনের কর্মসূচির অনুমতি পাওয়া যাবে এমনটা আশা করে মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী বলেন, এ দেশের প্রতিটি রাজনৈতিক দল বাধাহীনভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু জামায়াতকেই কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হচ্ছে না। এটা জুলুম ও অবিচার।

“পুলিশ এবার জামায়াতকে কর্মসূচি পালনে অনুমতি দেবে বলে আশা করছি। আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে চাই।”

পুরনো খবর:

পুলিশের ‘সায়’ না পেয়ে সিলেটের সমাবেশ পেছাল জামায়াত
পুলিশ অনুমতি ‘দেবে না’, জামায়াত বলছে সিলেটে সমাবেশ ‘হবে’