২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ অনুমতি ‘দেবে না’, জামায়াত বলছে সিলেটে সমাবেশ ‘হবে’

শনিবার সিলেটের রেজিস্ট্রি মাঠে সমাবেশ করতে চায় জমায়েত; শুক্রবার সেখান থেকে আটক হয়েছেন সাত নেতা-কর্মী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 05:17 PM

Updated : 14 Jul 2023, 05:17 PM

এক দশক পর রাজধানীতে সমাবেশ করা জামায়াতে ইসলামী এবার সিলেটে কর্মসূচি ঘোষণা করে জমায়েতের প্রস্তুতি নিচ্ছে।

পুলিশ বলছে, ‘নাশকতার আশঙ্কা থাকায়’ এ সমাবেশের অনুমতি দেওয়া হবে না। এরপরও তারা সমবেত হওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে জামায়াত বলছে, সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি তাদের আছে।

আমিরসহ নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ আহ্বান করে ৫ জুন মহানগর পুলিশকে চিঠি দেয় জামায়াত। সেখানে ১৫ জুলাই শনিবার নগরের রেজিস্ট্রি মাঠে জমায়েত হওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

শুক্রবার সেই মাঠ থেকে দলের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭ জনকে থানায় নেওয়া হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকরা কোনো নাশকতায় জড়িত কিনা, সেটি খতিয়ে দেখছে পুলিশ।”

আটকদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিলেট মহানগরের উত্তর বাগবাড়ি এলাকার আবুবকর সিদ্দিক, বিয়ানীবাজার উপজেলার খশির গ্রামের আজিজুল ইসলাম, বালাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের এ এস এম রুবেল, কানাইঘাটের বড়দেশ গ্রামের মারুফ আহমদ ও শান্তিগঞ্জ উপজেলার বাগেরকোনা গ্রামের সাইদুল ইসলাম।

তারা জামায়াতে ইসলামীর নেতা-কর্মী জানিয়ে দলের মহানগর আমির ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রেজিস্ট্রি মাঠে আমাদের বিভাগীয় সমাবেশ হবে। শুনেছি শুক্রবার সকালে মাঠ পরিদর্শন করতে যান নেতা-কর্মীরা। এ সময় তাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে। তবে এখনও আটকের বিষয়ে পুলিশ আমাদের কোনো কিছু জানায়নি।”

মানবতাবিরোধী অপরাধে দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে রায় আসতে থাকলে ২০১৩ সালের পর থেকে জামায়াত দেশের কোথাও সমাবেশ করতে পারেনি।

এর মধ্যে গত ১০ জুন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির নির্বিঘ্নে সমাবেশ করা নিয়ে রাজনীতিতে আলোচনার তৈরি হয়।

জামায়াতের দুই যুগের মিত্র বিএনপির পক্ষ থেকেও সরকারের সঙ্গে দলটির যোগাযোগের বিষয়ে আকার ইঙ্গিতে নানা বক্তব্য আসে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য গণমাধ্যমে আসার পর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম মাছুম প্রতিবাদ জানান।

পরে ফখরুল বলেন, তার বক্তব্য কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত হয়েছে। জামায়াতে সঙ্গে তাদের যোগাযোগ আছে।

এর মধ্যে গত বুধবার বিএনপি সরকার পতনের ‘এক দফা’ দাবি জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

এর তিন দিন পর সিলেটে আহ্বান করা জামায়াতের সমাবেশ নিয়ে নগরীতে তৈরি হয়েছে নানা আলোচনা।

সিলেট মহানগর পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াতের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে; তাই অনুমতি দেওয়া হবে না। এটা তাদেরকে জানানো হয়েছে।

“যদি অনুমতি ছাড়া সমাবেশ করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”

পুলিশের এই অবস্থানের বিষয়ে জানতে চাইলে জামায়াতের সিলেট মহানগর শাখার আমির ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ এখনও আমাদেরকে লিখিত কিছুই জানায়নি। আমাদের সমাবেশ করার প্রস্তুতি রয়েছে। শনিবার আমরা সমাবেশ করব, ইনশাল্লাহ।”