২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

আইজিপি কাপ ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্ধোধন শেষে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সোমবার ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্ধোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 12:41 AM

Updated : 13 Dec 2022, 12:41 AM

বাংলদেশের পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন।

সোমবার ময়মনসিংহে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে। যেকোনো ধরনের উশৃঙ্খলতা, যেকোনো ধরনের আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি সবসময় নিয়ে রাখি।”

দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্ধোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আইজিপি বলেন, “আপনারা জানেন পুলিশ একটা পেশাদার বাহনী। আমরা দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছি এবং আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা আছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন সেই নীতির আলোকে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে চলেছে বলে দাবি আইজিপির।

“আমরা এক সময় দেখেছি দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল সন্ত্রাসের জনপদ ছিল। আমরা দেখেছি এই দেশের ৬৪ জেলায় জঙ্গিদের আক্রমণ হয়েছে। আমরা দেখেছি মাননীয় প্রধাসমন্ত্রীকে হত্যার জন্য তার ওপর আক্রমণ হয়েছে এবং হলি আর্টিজানের মত বড় ঘটনার সূত্রপাত হয়েছে।

“এখন দেখেন জঙ্গিদের কী অবস্থা। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি।”

পুলিশের উপর হামলার বিষয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে, পেশাদারিত্বের সাথে পালন করে আসছি। দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারীরা আক্রমণাত্মক হয়ে উঠলে পুলিশ তাদের প্রতিহত করে।”

এ সময় অন্যান্যের মধ্যে পুলিশের অতিরিক্ত আইজিপি হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম বাবুলসহ রাজনৈতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে রেনেসাঁ ক্লাব ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। ১৩টি দলের মধ্যে ৭৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।