আদালত প্রাঙ্গণে আসামিকে ছুরিকাঘাত, ছুরিসহ বাদী আটক
আশপাশের লোকজন হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
হবিগঞ্জ জজ আদালত প্রাঙ্গণে একটি মামলার আসামিকে ছুরিকাঘাত করার অভিযোগে বাদীকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান জানান।
আহত মো. সাইদুর রহমান (৩২) বাহুবল উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাইদুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের আবুল হোসেনের ছেলে।
এই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মুকিত জানান, ওই বিদ্যালয়ের জমিদাতা মো. হাশিম মহালদার। তিনি আগে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।
২০২০ সালে জাতীয়করণ হওয়ার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয়টি জাতীয়করণ হওয়ার পরপরই হাশিম মহালদার নিয়মর্হিভূতভাবে ১৯ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি বর্তমান শিক্ষকদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করছিলেন।
আব্দুল মুকিত বলেন, “হাশিম মহালদারের দায়ের করা একটি মামলায় সোমবার দুপুরে আমি ও সহকারী শিক্ষক সাইদুর রহমান আদালতে হাজিরা দিই।
“হাজিরা শেষে বার গ্রন্থাগারের সামনে এলে আগে থেকে ওত পেতে থাকা হাশিম মহালদার শিক্ষক সাইদুর রহমানকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন।
তিনি জানান, সাইদুর মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
“ছুরিসহ হাশিম মহালদারকে আটক করে পুলিশের হাতে দেয় উপস্থিত জনতা।”
হাশিম মহালদার বাহুবল উপজেলার তারাপাশা গ্রামের জহির মহালদারের ছেলে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান জানান, আদালতে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
