১১ বছরের সেই শিশুর মেয়ের বাবা মাদ্রাসা শিক্ষক, নবজাতকের দায়িত্ব রাষ্ট্রের: আদালত
আমান উল্লাহ মাহমুদী প্রতিষ্ঠিত একটি মহিলা কওমি মাদ্রাসায় ১১ বছরের শিশুটি ধর্ষিত হয়।
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের ছাত্রীর ধর্ষণ মামলার রায়ে মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল জানান।
রায়ে মামলার অপর আসামি শিক্ষক সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।
আমান উল্লাহ মাহমুদী প্রতিষ্ঠিত একটি মহিলা কওমি মাদ্রাসায় ১১ বছরের শিশুটি ধর্ষিত হয়। চলতি বছরের ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করে চিকিৎসক শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানান।
পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন। শুরু থেকেই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছিলেন এই শিক্ষক।
২ জুলাই শিশুটি একটি সরকারি সেফ হোমে কন্যা সন্তানের জন্ম দেন। তখন নবজাতকের ও আসামির ডিএএন প্রোফাইলে মিলে যাওয়ার কথা জানায় মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।
মামলার রায়েও আসামি ‘সাগর হুজুরকে’ কন্যাশিশুটির ‘জৈবিক বাবা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
রায়ের সময় আসামিপক্ষের আইনজীবীকে আদালত উপস্থিত থাকতে দেখা যায়নি। আসামির কোনো স্বজনও এদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত হননি।
আদালতে বিমর্ষ আসামি
দুপুর ১২টা ৯ মিনিটে আদালতের কাঠগড়ার আনা হয় লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’কে। বিচারক এজলাসে প্রবেশ করেন ১২টা ৩০ মিনিটে। পরে বিচারক দিনের অন্য মামলার বিচারকার্য সম্পন্ন করেন।
তারপর ১২টা ৪৬ মিনিটে আলোচিত ১১ বছরের মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার রায় পড়া শুরু করেন বিচারক আব্দুস সালাম। টানা ১৮ মিনিট পড়ে দুপুর ১টা ৪ মিনিটে রায় পড়া শেষ করেন তিনি।
আদালতে আনার পর থেকে ‘সাগর হুজুর’ পুরো সময় মাথা নীচু করে বিমর্ষ অবস্থায় ছিলেন। মৃত্যুদণ্ডের রায় শোনার পর নির্বিকার অবস্থায় ছিলেন তিনি।
আদালতের আদেশে বলা হয়, আসামি, ভিকটিম ও নবজাতকের রক্তের ডিএনএ পরীক্ষার ফলাফল দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়েছে। এর ফলে ধর্ষণে জন্ম নেওয়া শিশুটির ‘জৈবিক পিতা’ ধর্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’।
যে কারণে মৃত্যুদণ্ড
আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছে, আসামি একজন ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হয়ে পবিত্র দায়িত্ব ও কর্তৃত্বের চরম অপব্যবহার করেছেন। ১১ বছরের এক অবোধ ও অসহায় ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে গর্ভবতী করার মত পৈশাচিক অপরাধের ক্ষেত্রে কোনো সহানুভূতি প্রদর্শনের অবকাশ নেই।
আইনের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিকল্প থাকলেও অপরাধের বীভৎসতা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড অপর্যাপ্ত হওয়ায় আসামিকে ফাঁসির আদেশ দেওয়া হয় বলে রায়ে বলা হয়েছে।
নবজাতকের অধিকার
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার সংবিধিবদ্ধ বিধান অনুযায়ী আদালত নির্দেশ দেয়, নবজাতক কন্যা সন্তানটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে। শিশুটি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে তার পিতা (দণ্ডিত আসামি) ও মাতা- উভয়ের পরিচয়ে পরিচিত হবে।
কন্যা সন্তানটির বিবাহ না হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র বহন করবে। সরকার পরবর্তীতে এই অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো করে আদায় বা বাজেয়াপ্ত করবে।
সামাজিক প্রেক্ষাপট ও পর্যবেক্ষণ
আদালত রায়ে বলেছে, সাম্প্রতিককালে আবাসিক, অনাবাসিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক যৌন হয়রানি, ধর্ষণসহ বিবিধ যৌন নির্যাতনের খবর নিয়মিত গণমাধ্যছে প্রকাশিত হচ্ছে, যা সমাজকে ব্যথিত, শঙ্কিত করে।
এই ধরনের অপরাধ প্রতিরোধে সুস্পষ্ট বিশেষ আইন, বিধিমালা বা নীতিমালা নেই, তবে এই সংক্রান্ত হাই কোর্ট বিভাগ ২০০৯ সালে Bangladesh National Women Lawyers Association (BNWLA) v. Government of Bangladesh and Others, 14 BLC (HCD) 694 (2009) মামলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যুগান্তকারী নির্দেশনা প্রদান করেন।
এ নির্দেশনাগুলো একটি গুরুত্বপূর্ণ আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে কার্যকর করার জন্য বিবেচনার সময় এসেছে। পাশাপাশি শিশুদের সুরক্ষা, নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে।
আরও পড়ুন:
নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা ১১ বছরের ছাত্রী: মাদ্রাসা শিক্ষকের ডিএনএ সংরক্ষণের আদেশ
‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা ১১ বছরের ছাত্রী: নেত্রকোণার সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে
নেত্রকোণায় ছাত্রী ‘ধর্ষণ’: টাকা দিয়ে মীমাংসা চেয়েছিলেন সেই মাদ্রাসা শিক্ষক
‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা ১১ বছরের ছাত্রী: নেত্রকোণার সেই মাদ্রাসা শিক্ষক রিমান্ডে
