১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নেত্রকোণার সেই ১১ বছরের শিশু ধর্ষণের রায় বুধবার, মাদ্রাসা শিক্ষকের সর্বোচ্চ শাস্তির আশা

২ জুলাই শিশুটি একটি কন্যাশিশুর জন্ম দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 09:20 PM

Updated : 10 Nov 2026, 09:19 PM

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার রায়ের জন্য বুধবার দিন রেখেছে আদালত।

নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল মঙ্গলবার বিকালে বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুস সালাম আলোচিত মামলাটির রায়ের জন্য বুধবার তারিখ দিয়েছেন। মামলায় মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’ ও ভাই মাইমুন ওরফে মামুন মিয়াও আসামি। তারা কারাগারে আছেন।”

আইনজীবী বলেন, মামলায় ১০ জন সাক্ষ্য দিয়েছেন। ৬০ কার্যদিবসে মামলাটির বিচারকার্য সম্পন্ন হবে।

ডিএনএ প্রফোইল প্রতিবেদন, পুলিশের অভিযোগপত্র, সাক্ষ্য- সব মিলিয়ে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করছেন নুরুল কবীর রুবেল।

মামলায় বলা হয়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।

১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করে চিকিৎসক শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন।

৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সিআইডির প্রতিবেদন প্রসঙ্গে তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল সাংবাদিকদের বলেছিলেন, “প্রতিবেদনে ১১ বছরের শিশুটির সন্তানের ও আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইল মিলেছে। অর্থাৎ ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের ‘জৈবিক বাবা’ আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর এটা প্রমাণিত হয়েছে।”

পরে ২৭ আগস্ট পুলিশ সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

পুরনো খবর:

ধর্ষণের শিকার শিশুর কন্যাসন্তান: ডিএনএ প্রতিবেদনসহ সেই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা ১১ বছরের ছাত্রী: মাদ্রাসা শিক্ষকের ডিএনএ সংরক্ষণের আদেশ
‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা ১১ বছরের ছাত্রী: নেত্রকোণার সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে
‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা ১১ বছরের ছাত্রী: নেত্রকোণার সেই মাদ্রাসা শিক্ষক রিমান্ডে
নেত্রকোণায় ছাত্রী ‘ধর্ষণ’: টাকা দিয়ে মীমাংসা চেয়েছিলেন সেই মাদ্রাসা শিক্ষক