Published : 21 Dec 2023, 09:08 PM
স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়েও নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সাহেবের হাট কলবাড়ি এলাকায় জনসভায় অংশ নেন তিনি।
এর আগে ভোর ৩টা ২৪ মিনিটে ভারতের চেন্নাইয়ের বিরলা ইনস্টিটিউট ও মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় প্রতিমন্ত্রীর স্ত্রী লায়লা শামীম আরা মারা যান।
বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক সন্তানের জননী লায়লা শামীম লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার দুপুরে তার মরদেহ ঢাকায় আনার পর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
জনসভায় যোগ দিয়ে জাহিদ ফারুক বলেন, “আপনারা জানেন, ভোরে ভারতের চেন্নাইতে আমার স্ত্রী মারা গেছেন। সেখান থেকে মরদেহ আনার চেষ্টা চলছে, আমার ছেলে সেখানে রয়েছে। আমি বক্তৃতা দেওয়ার পর্যায়ে নেই; তারপরেও এসেছি। কারণ আগে দুইবার এ জনসভা বাতিল হয়েছে, আজ বাতিল করা হলে আপনারা ভুল বুঝতেন।”
“এত কষ্টের মাঝেও আমি আমার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। আপনাদের সঙ্গে যদি কথা না বলি, তাহলে প্রধানমন্ত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করা হয় না।”
আওয়ামী লীগের মনোনীত এ প্রার্থী বলেন, “প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। এর আগেও মনোনয়ন দিয়েছেন। এমপি হয়েছি, মন্ত্রী করেছেন। আমি বলেছিলাম, ভোলা থেকে গ্যাস আনব। আনতে পারি নাই বিভিন্ন টেকনিক্যাল কারণে।

“আপনারা জেনে খুশি হবেন, ভোলা থেকে গ্যাসের পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বরিশালে গ্যাস আসবে; গ্যাস এলে শিল্প কারখানা গড়ে উঠবে।”
বরিশাল সদর উপজেলার লামছরিতে ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা জেনে খুশি হবেন, সেখানে একশ থেকে দেড়শ শিল্প কারখানা গড়ে উঠবে। সেখানে চাকরি আপনার ছেলে-মেয়েরাই পাবে। আপনারা যদি অন্য কাউকে এমপি বানান, তাহলে এগুলো সব থমকে যাবে।”
২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী বরিশাল আসবেন জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী কেন বরিশালকে সিলেক্ট করেছেন? আমি মনে করি, আমার ওপর তার আস্থা রয়েছে বলেই, তিনি বরিশালে নির্বাচনি প্রচার সভা করবেন।”
“আমি চাই, বঙ্গবন্ধু উদ্যান লোকে লোকারন্য হোক। প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত করতে চাই। বাংলাদেশের যদি উন্নয়ন চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।”
চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম জাহিদের সভাপতিত্বে জনসভায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, কে বি এস আহম্মেদ কবীর, এ আনিস উদ্দীন আহমেদ শহীদ, টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান বক্তব্য দেন।
সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা বলরাম পোদ্দার ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন উপস্থিত ছিলেন।