২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে জমির বিরোধে ছেলের দায়ের কোপে বৃদ্ধ খুন

তিনি তার দুই স্ত্রীর দুই সন্তানকে জমি লিখে দেন, কিন্তু ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মাঝে বিরোধ চলছিল।

ময়মনসিংহে জমির বিরোধে ছেলের দায়ের কোপে বৃদ্ধ খুন

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 04:43 PM

Updated : 14 Feb 2023, 04:43 PM

ময়মনসিংহের সদরে জমি নিয়ে বিরোধে ছেলের দায়ের কোপে এক বৃদ্ধ খুন হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

নিহত ৭৫ বছরের মো. জয়নুদ্দিন ওই এলাকার বাসিন্দা। তার ছেলে আব্দুল মতিন (৩৫) এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহ কামাল বলেন, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আব্দুল মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন। কিন্তু ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মাঝে বিরোধ চলছিল।

“এর জের ধরে মঙ্গলবার সকালে জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দেওয়ার সময় আব্দুল মতিন পিছন থেকে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”

ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।