২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ১০ স্বতন্ত্রের ছয়জনই আওয়ামী লীগের, সরে দাঁড়ালেন মিল্লাত

সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ৪৩টি।

সিরাজগঞ্জে ১০ স্বতন্ত্রের ছয়জনই আওয়ামী লীগের, সরে দাঁড়ালেন মিল্লাত

সিরাজগঞ্জ-২ আসনে নৌকার মাঝি নতুন মুখ জান্নাত আরা তালুকদার হেনরী জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 11:29 AM

Updated : 01 Dec 2023, 11:40 AM

দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে ৪৬টি মনোনয়নপত্র তোলা হলেও জমা পড়েছে ৪৩টি।

এসব আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা পড়েছে মোট দশটি, যার মধ্যে দুটি আসনেই ছয়জন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।

আর যে তিনটি আসনে আওয়ামী লীগ প্রার্থী পরিবর্তন করেছে সেগুলোতে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হননি।

এদিকে, সিরাজগঞ্জ-২ আসনের (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) বর্তমান সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র মনোনয়নপত্র নিলেও শেষ পর্যন্ত জমা দেননি।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এসব তথ্য জানান।

এবার সবচেয়ে বেশি ১১টি মনোনয়নপত্র জমা পড়েছে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে। আর সবচেয়ে কম চারটি মনোনয়নপত্র জমা পড়েছে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে।

সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের চারজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সদ্য জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা শ্বশুর-জামাতা।

আসনভিত্তিক তালিকায় প্রার্থীরা

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ)- তানভীর শাকিল জয় (আওয়ামী লীগ), সাইফুল ইসলাম (জাসদ), জহুরুল ইসলাম (জাতীয় পার্টি), শফিকুল ইসলাম (এনপিপি), রেজাউল করিম (জাকের পার্টি), সবুজ আলী (বিএনএম), গোলাম মোস্তফা তালুকদার মধু (আওয়ামী লীগ-স্বতন্ত্র)।

সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ)- জান্নাত আরা তালুকদার হেনরী (আওয়ামী লীগ), আমিনুল ইসলাম ঝন্টু (জাতীয় পার্টি), সোহেল রানা (তৃণমূল বিএনপি), আব্দুর রুবেল সরকার (জাকের পার্টি) ও সাদাকাত হোসেন খান বাবুল (ওয়ার্কার্স পার্টি)।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ)- আব্দুল আজিজ (আওয়ামসী লীগ), জাকির হোসেন (জাতীয় পার্টি), আলমগীর হোসেন (জাকের পার্টি), গোলাম মোস্তফা (বিএনএম), নুরুল ইসলাম প্রামানিক (মুক্তিজোট), মোজাফফর হোসেন (স্বতন্ত্র), স্বপন কুমার রায় ( আওয়ামী লীগ-স্বতন্ত্র), সাখাওয়াত হোসেন সুইট (আওয়ামী লীগ-স্বতন্ত্র), শরীফ- উল- আলম খন্দকার (আওয়ামী লীগ-স্বতন্ত্র), আব্দুল হালিম খান দুলাল  (আওয়ামী লীগ-স্বতন্ত্র) ও নুরুল ইসলাম (স্বতন্ত্র)।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া)- শফিকুল ইসলাম শফি (আওয়ামী লীগ), মোস্তফা কামাল বকুল (জাসদ), আব্দুল্লাহ আল হাসেম ও হিল্টল প্রামানিক (জাতীয় পার্টি)

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী)- আব্দুল মমিন মণ্ডল (আওয়ামী লীগ), ফজলুল হক (জাতীয় পার্টি), আব্দুল হাকিম (বিএনএম), নাজমুল হক (কৃষক শ্রমিক জনতা লীগ), আব্দুল্লাহ আল মামুন (বিএনপির বহিষ্কৃত-স্বতন্ত্র), সাবেক মন্ত্রী ও সদ্য পদত্যাগ করা সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস (আওয়ামী লীগ-স্বতন্ত্র) এবং তার জামাতা সদ্য পদত্যাগ করা বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল (আওয়ামী লীগ-স্বতন্ত্র)।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)- চয়ন ইসলাম (আওয়ামী লীগ), মোজাম্মেল হক (জাসদ), মোক্তার হোসেন (জাতীয় পার্টি), তারিকুল ইসলাম (তৃণমূল বিএনপি), রেজাউল করিম বিপ্লব (জাকের পার্টি), মোহাম্মদ শামীম (বিএনএম), কাজী মো. আলামীন (বিএসপি), রেজাউর রশীদ খান (ওয়ার্কার্স পার্টি) ও হালিমুল হক মিরু (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত-স্বতন্ত্র)।