কুড়িগ্রামে ঘরের উপর ট্রাক উঠে ঘুমন্ত শিশুর মৃত্যু
পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটির লাশ গাছের গুঁড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশের একটি ঘরের উপর উঠে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা এক শিশুর প্রাণ গেছে।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে রোববার রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান।
নিহত ৭ বছর বয়সী ইছা মিয়া ওই ইউপির সফিকুল ইসলামের ছেলে বলে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর জানান।
ঘটনার বর্ণনায় ইউপি চেয়ারম্যান বলেন, শিমুল গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক যাত্রাপুর বাজার থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঝুঁকিপূর্ণ বাঁধ রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে একটি ঘরের উপর উঠে যায়।
“এ সময় গাছের গুঁড়ির চাপায় ঘরের ভেতর বিছানায় ঘুমিয়ে থাকা ইচা মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।”
ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির মরদেহ রাত ১২টার দিকে উদ্ধার করে বলে জানান গফুর।
নিহত ইছা মিয়ার বাবা সফিকুল ইসলাম বলেন, “ঘটনার সময় বাড়িতে কেউ ছিলো না। পাশেই জমিবাড়িতে পিকনিক চলছিল, বাড়ির সবাই ওখানে ছিলো। তা না হলে বাড়িতে হতাহতের সংখ্যা আরও বেশি হতো।
“পিকনিকে ইছাও গিয়েছিলো। কিন্তু সে ঘুমিয়ে পড়লে ওর মা শুইয়ে দিয়ে যায়। এই ঘুম আর ভাঙলো না আমার ছেলের।”
ওসি শাহরিয়ার বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটির মরদেহ গাছের গুঁড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
