২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে হত্যা মামলায় দিনমজুরের মৃত্যুদণ্ড

২০১৭ সালের নভেম্বরে আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে এক কিশোরীকে গলা কেটে হত্যা করেন।

মানিকগঞ্জে হত্যা মামলায় দিনমজুরের মৃত্যুদণ্ড

রায় ঘোষণার পর পুলিশ আবুল হোসেনকে কারাগারে নিয়ে যায়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 06:40 PM

Updated : 14 Feb 2023, 06:40 PM

মানিকগঞ্জের হরিরামপুরের একটি হত্যা মামলায় এক দিনমজুরের মৃত্যুদণ্ড হয়েছে।

মঙ্গলবার আসামীর উপস্থিতিতে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ জয়শ্রী সমদ্দার এই রায় দেন। রায়ে দণ্ডিতের ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

দণ্ডিত আবুল হোসেন হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের সরফদিনগর এলাকার প্রয়াত হাসমত আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, গালা ইউনিয়নের বিভিন্ন জায়গায় আসামি আবুল হোসেন ও নিহত কিশোরীল (১৪) বাবা একসঙ্গে দিনমজুরের কাজ করতেন। ফলে তাদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল আবুলের। এক সময় মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দেন আবুল; কিন্তু মেয়েটির পরিবার তাতে সায় দেয়নি। এ সময় অন্যত্র বিয়ে ঠিক করলে আবুল মেয়েটি মাকে হুমকি দেন।

২০১৭ সালের নভেম্বর মাসের ৫ তারিখে মেয়েকে বাড়িতে রেখে তার মা বাইরে গেলে আবুল ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সালাম জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ওই দিনই আবুলকে আসামি করে হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দুদিন পর হরিরামপুর থেকে পুলিশ আবুল হোসনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কহিনুর ইসলাম ২০১৮ সালের ১০ জুলাই আবুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

আসামীপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মতিয়র রহমান আঙ্গুঁর।